পুলিশ পরিচয়ে জ্বালানি তেল কেনার চেষ্টা, ১০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে পুলিশের ভুয়া পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।
আজ রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গুল গফুর পেট্রল পাম্পে ঘটনাটি ঘটে।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর।
দণ্ডাদেশপ্রাপ্ত যুবকের নাম মো. তৌহিদুর রহমান (২৯)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. মোবারক হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তৌহিদুর রহমান পুলিশের পরিচয় দিয়ে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে পাম্প কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনের নজরে আনে।
খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে। পরে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধ না করলে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষায় এমন পদক্ষেপ নিয়মিত চালানো হবে।

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)