কলার মোচা দেখিয়ে ট্রেন থামানো সেই এনামুল হককে বিশেষ সম্মাননা
রেললাইনের ত্রুটি শনাক্ত করে সম্ভাব্য ট্রেন দুর্ঘটনা থেকে যাত্রীদের জীবন রক্ষা করায় দিনাজপুরের মো. এনামুল হককে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।
পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ এই সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তাকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেন।
রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ মার্চ সকাল ৬টা ৫০ মিনিটে বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের বাসিন্দা এনামুল হক রেললাইনে প্রায় ৭ ইঞ্চি ভাঙন দেখতে পান। স্থানটি বিরামপুর ও ফুলবাড়ী স্টেশনের মধ্যবর্তী এলাকায় ছিল। বড় বিপদের আশঙ্কায় তিনি তাৎক্ষণিকভাবে কলার মোচা দিয়ে লাল সংকেত প্রদর্শন করেন। এতে ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি থেমে যায় এবং এক ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় শত শত যাত্রীর প্রাণ।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এনামুল হকের এই বিচক্ষণ ও দ্রুত পদক্ষেপ রেল চলাচলের নিরাপত্তা নিশ্চিত করেছে। তার এই মহানুভবতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েই রাষ্ট্রীয় এই সম্মাননার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুমসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)