রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৫
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করার সময় পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ওই পাঁচ জন হলেন–মো. হাসান আলী, জিসান আহমেদ, মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম ও আশিক মোহাম্মদ। তাদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী। আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫ থেকে ২০ জনের একটি দল আকস্মিক মিছিল বের করে। পরে তারা আইডিবি ভবনের সামনে পৌঁছালে শেরেবাংলা নগর থানা-পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়।
ওসি আরও বলেন, মিছিলের চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে এবং পাঁচজনকে আটক করে। তাদের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী রয়েছে। আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।

নিজস্ব প্রতিবেদক