জামায়াতে ইসলামী সম্পর্কে সতর্ক হতে হবে : ওয়ারেছ আলী মামুন
জামালপুরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, যারা ৭১-এর চেতনাকে পরিকল্পিতভাবে মুছে ফেলে নিজেদের স্বাধীনতাবিরোধী কলঙ্ক মুছে ফেলতে চায়, সেই জামায়াতে ইসলামী সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে শহীদ সাফওয়ান সদ্য মিলনায়তনে জামালপুর সদর উপজেলা ও শহর বিএনপি আয়োজিত আলোচনা সভায় শাহ মো. ওয়ারেছ আলী মামুন এ কথা বলেন।
শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী যে ষড়যন্ত্র করছে, সে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে হলে এই জাতির ভাগ্যে আগামী দিনে আরও বড় ধরনের অশুভ সংকেত নেমে আসবে। যারা ২৪-এর চেতনাকে লালন করে, যারা ২৪-এর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন, সেই এনসিপিই আজকে স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে। জোট করেছে। এটা জাতির জন্য খুব শুভ সংকেত বলে আমি মনে করি না।
শাহ মো. ওয়ারেছ আলী মামুন আরও বলেন, স্বৈরাচারের দোসর এবং স্বৈরাচারের যারা সুবিধাভোগী তারা ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গোপনে অবস্থান করছে। গোপন মিটিং করে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। দু-চারজন বোমাবাজ আবার ফেসবুকে নতুন করে লেখালেখি শুরু করেছে। আমরা আইন নিজেদের হাতে তুলে নিতে চাই না। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাই যারা জামালপুর পৌর এলাকায় এবং সদর উপজেলা আওয়ামী লীগের দোসররা এসে নতুন করে ষড়যন্ত্র করছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করুন।
সভায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন প্রমুখ বক্তব্য দেন।

আসমাউল আসিফ, জামালপুর