ময়মনসিংহ প্রেসক্লাবে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা
ময়মনসিংহ প্রেসক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। এতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক রুকনোজ্জামান সরকার রুকন, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়, মীর গোলাম মোস্তফা, প্রেসক্লাব সদস্য সালিম হাসান, মো মোস্তাফিজুর রহমান, নিয়ামুল কবির সজল প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহসভাপতি মো নওয়াব আলী।
প্রধান অতিথি আবু ওয়াহাব আকন্দ বলেন, গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া যুদ্ধকালীন বন্দি ছিলেন। তিনি আপসহীন নেত্রীসহ মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।
আবু ওয়াহাব আকন্দ বলেন, স্বাধীনতাবিরোধী শক্তিকে পরিহার করে স্বাধীনতার পক্ষের শক্তিকে বেছে নিতে হবে। ৭১ বাদ দিয়ে নতুন প্রজন্মকে ২৪-এর চেতনার পাঠ দেওয়া চলবে না। তবে ২৪ সালের আন্দোলনকে সম্মান করি। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে বাড়তে দেওয়া যাবে না। পরাজিত শক্তি আর চেতনাবাজরা এখন এক হয়েছে। দেশটা আমাদের সবার। তাই পরাজিত শক্তিকে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।
মসিক প্রশাসক রুকনুজ্জামান রুকন সরকার বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র কাঠামোর জন্য ৭১ সালের মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের সেই চেতনা ধারণ না করে চেতনার ব্যবসা করা হয়েছে নিজের লাভের জন্য, চেতনা বিক্রি করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের ফসল নিয়ে যেন কেউ নতুন করে চেতনার ব্যবসা খুলতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করেন স্থানীয় শিল্পীরা।

আইয়ুব আলী, ময়মনসিংহ