তেলের পাম্পে দাঁড়িয়ে সরবরাহ নিশ্চিত করলেন এমপি
পাহাড়ি জেলা বান্দরবানে তীব্র জ্বালানি তেল (অকটেন) সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ভ্রমণে আসা পর্যটকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে শহরের পেট্রোল পাম্পগুলো পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। এ সময় তিনি একটি পাম্পে নিজে দাঁড়িয়ে থেকে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষকে বাধ্য করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে সারাদেশে চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে বান্দরবানেও। জেলার ফিলিং স্টেশনগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না চালকরা। এতে জরুরি কাজ ও দৈনন্দিন যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
খবর পেয়ে সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী পাহাড়িকা পেট্রোল পাম্পসহ বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তিনি পাম্পে অবস্থান নিয়ে নিয়মমাফিক তেল সরবরাহের নির্দেশ দেন। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক আরিফ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের টানা ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টদের মতে, প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার বাইকার পর্যটকের আগমন ঘটছে। এই অতিরিক্ত চাপের কারণে তেলের সংকট আরও প্রকট হয়েছে।
ইঞ্জিন বোটচালক সুইচা প্রু মারমা জানান, পাহাড়ি এলাকায় যোগাযোগের প্রধান মাধ্যম মোটরসাইকেল ও সাঙ্গু নদীর বোট। কিন্তু তেল না থাকায় তারা কাজ করতে পারছেন না।
থানচি পর্যটক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, অকটেন সংকটের কারণে তিন্দু, রাজা পাথর ও রেমাক্রী ফলসের মতো জনপ্রিয় স্পটগুলোতে বোট নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এতে ভরা মৌসুমেও পর্যটন ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।
সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, তেলের সাময়িক সংকট থাকলেও মজুদ রেখে সরবরাহ না করার কোনো সুযোগ নেই। অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে সরকার কঠোর আইনগত ব্যবস্থা নেবে।
জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, হঠাৎ করে বাইকার পর্যটকদের সংখ্যা বেড়ে যাওয়ায় চাহিদাও কয়েকগুণ বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাম্পগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অতিরিক্ত বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। তিনি বর্তমান পরিস্থিতিতে বাইকে করে পর্যটকদের আগমন নিরুৎসাহিত করার পরামর্শ দিয়েছেন।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান