যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা
পবিত্র ঈদুল ফিতরের আমেজ শেষে আবারও যান্ত্রিক শহরে ফিরতে শুরু করেছে মানুষ। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে বিপুলসংখ্যক যানবাহন পারাপার হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। সেই সঙ্গে যমুনা সেতুতে টোল আদায়ের ক্ষেত্রেও তৈরি হয়েছে নতুন রেকর্ড। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত একদিনে পারাপার হওয়া যানবাহন থেকে মোট তিন কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা টোল আদায় করা হয়েছে।
আজ শনিবার (২৮ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১২টা থেকে শুক্রবার (২৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় এক কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার চেষ্টা করছি।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)