মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক
নওগাঁর মহাদেবপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত গৃহবধূ আফসানা মিমি (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৭ মার্চ) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বামী সাদ্দাম হোসেন সাগরকে (৩০) আটক করেছে পুলিশ।
আটক সাদ্দাম হোসেন মহাদেবপুর উপজেলা সদরের মধ্যবাজার এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন তার স্ত্রীকে নিয়ে মহাদেবপুর মধ্যবাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জেরে সাদ্দাম তার স্ত্রী মিমিকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে মিমিকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ ১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে এবং শুক্রবার রাতেই উপজেলার বকাপুর এলাকা থেকে অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন সাগরকে আটক করতে সক্ষম হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গৃহবধূর মৃত্যুর খবর পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করেছি। আজ রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)