পুকুর খননে বেরিয়ে এলো মর্টার শেল, এলাকা ঘিরে রেখেছে পুলিশ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রামে পুকুর খনন করার সময় একটি তাজা মর্টার শেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। গতকাল রোববার (৩০ মার্চ) শ্রমিকরা কোদাল দিয়ে মাটি কাটার সময় হঠাৎ এই ভারী যুদ্ধাস্ত্রটি দেখতে পান। পরে বিষয়টি দ্রুত জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ভাষাসৈনিক ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে একটি পুরোনো পুকুর পুনঃখননের কাজ চলছিল। খননকাজ চলাকালে মাটির গভীরে শেলের অস্তিত্ব টের পান শ্রমিকরা। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটির চারপাশে দড়ি দিয়ে বেষ্টনী তৈরি করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে।
আজ সোমবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেনাবাহিনী সূত্র জানিয়েছে, কুমিল্লা সেনানিবাস থেকে তাদের বিশেষায়িত ‘আর্টিলারি শেল ডিসপোজাল ইউনিট’ ঘটনাস্থলে আসার পর মর্টার শেলটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হবে।
মর্টার শেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) হাসমত আলি।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া