মাদকের টাকার জন্য বাবাকে মারধর, ২ যুবকের কারাদণ্ড
মাদকের টাকার জন্য জন্মদাতা বাবাকে নির্মমভাবে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সদর এলাকার বাসিন্দা শিপন (২৩) ও দক্ষিণ তেঁতাভূমি গ্রামের বাসিন্দা রবিউল হাসান (২৪)।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে মাদকের টাকা না পেয়ে তারা নিজ নিজ বাবার ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত রবিউল হাসানের বাবা মফিজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে জানান, ছেলেকে ভালো জীবনের আশায় ধারদেনা করে মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে জুয়ায় আসক্ত হয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরে আসে সে। বর্তমানে সে নিয়মিত মাদক সেবন করে এবং আজ সোমবার টাকার জন্য নিজের বাবার ওপরই হামলা চালায়।
একইভাবে মাদকাসক্ত শিপনের বাবা নুরুল ইসলামও ছেলের হাতে মারধর শিকার হওয়ার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মাদকের নেশায় পড়ে ছেলে আর মানুষ নেই।
স্থানীয়রা জানান, এই দুই যুবক মাদকের টাকার জন্য দীর্ঘদিন ধরেই নিজ নিজ পরিবারে অশান্তি সৃষ্টি করে আসছিল। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরাই প্রশাসনের কাছে কঠোর শাস্তির দাবি জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান জানান, মাদকাসক্ত হয়ে বাবার গায়ে হাত তোলা সামাজিক অবক্ষয়ের চরম বহিঃপ্রকাশ। অভিযোগের সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা