২ লাখ ১৮ হাজার মেট্রিক টন ডিজেল মজুত আছে : জ্বালানি মন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে ডিজেলের মজুত আছে ২ লাখ ১৮ হাজার মেট্রিক টন। তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বাড়িয়েছি।
আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা বলেন মন্ত্রী।
জ্বালানি মন্ত্রী বলেন, জনগণের স্বস্তি নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত বাংলাদেশের জ্বালানির কোনো ঘাটতি নেই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। গত বছর এই সময় যে পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হয়েছিল, এ বছর তার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করতে পেরেছি।
ইকবাল হাসান মাহমুদ বলেন, বিশ্ব আজ এক অস্থির সময় অতিক্রম করছে। আন্তর্জাতিক সংঘাত ভূরাজনৈতিক উত্তেজনা চলছে। জ্বালানি পরিবহণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সব মিলিয়ে বিশ্ববাজারে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষত, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে চাপের মুখে ফেলেছে।
জ্বালানি মন্ত্রী বলেন, এই অভিঘাত বিভিন্ন দেশের মতো বাংলাদেশে এসে পৌঁছেছে। কিন্তু আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই সংসদকে জানাতে চাই, প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে আমরা সঠিক এবং সময় উপযোগী প্রস্তুতি নিয়েছি।
ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমানের সরকার দায়িত্বভার গ্রহণ করেছে গত ১৭ ফেব্রুয়ারি। ওইদিন জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজিলের মজুত ছিল ২ লাখ ৬ হাজার মেট্রিক টন। আজ (৩০ মার্চ) ডিজেলের মজুত আছে ২ লাখ ১৮ হাজার মেট্রিক টন।
মন্ত্রী বলেন, ১৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত ৪১ দিনে ডিজেল বিক্রি হয়েছে ৪ লাখ ৮২ হাজার মেট্রিক টন। এই বিপুল সরবরাহের পরও মজুত বৃদ্ধি পাওয়া প্রমাণ করে, সরকার আগাম প্রস্তুতি হিসেবে ধারাবাহিক আমদানি ও কার্যকর ব্যবস্থাপনা দৃঢ়ভাবে অব্যাহত রেখেছে।

নিজস্ব প্রতিবেদক