আ.লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই দেশের ক্ষতি হয় : টুকু
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সমাজের নিকৃষ্ট মানুষেরা আওয়ামী লীগ করে, কোনো ভদ্রলোক এই দল করে না। এই দলটি শুধু গত ১৭ বছরেই দেশের ক্ষতি করেনি, বরং দেশের জন্মলগ্ন থেকেই তারা অনবরত ক্ষতি করে আসছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই দেশের ক্ষতি হয়। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দেশের বহু মানুষ আত্মাহুতি দিয়েছেন। আর তাদের এই মহান আত্মত্যাগের মাধ্যমেই আজ আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি এবং মানুষ মন খুলে নিজের ভোট দিতে পেরেছেন।
আওয়ামী লীগের অতীত আমলের সমালোচনা করে মন্ত্রী বলেন, ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশের প্রকৃত তাঁতীরা সুতা পেতেন না। সুতা পেত ওই এলাকার তৎকালীন সন্ত্রাসী ও মাস্তানরা, যার ফলে তাঁতীদের চড়া দামে সুতার গাইড কিনতে হতো এবং তার ওপর আবার অতিরিক্ত খাজনা দিতে হতো। তিনি উল্লেখ করেন, যখন বাংলাদেশের কেউ এসব ব্যবসায় নামেনি, তখন তিনি নিজে এই সেক্টরে যুক্ত হয়েছিলেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে দলের ভূমিধস বিজয় হয়েছে এবং বিএনপি সরকার গঠন করেছে। আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত উদার ও লিবারেল মানসিকতার পরিচয় দিয়েছেন। তিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষের মধ্যে কোনো বিভক্তি চান না, বরং সবাইকে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্য গড়তে চান।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরিফউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ