তিন দিনেও সন্ধান মেলেনি যমজ সহোদরদের
সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসায় পড়ুয়া দুই যমজ ভাইয়ের। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বেলকুচি থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, গত রোববার (২৯ মার্চ) বেলকুচি উপজেলার শেরনগর এলাকা থেকে তারা নিখোঁজ হয়। নিখোঁজ রাসেল রানা (১১) ও রাশেদুল ইসলাম (১১) শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, রোববার সকালে ধীতপুর গ্রামের বাড়ি থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার পথে শেরনগর থেকে তারা নিখোঁজ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা মাদ্রাসা বা বাড়িতে পৌঁছায়নি। স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি। তিনদিন পর বেলকুচি থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, নিখোঁজের বিষয়ে পৃথক জিডি গ্রহণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে বার্তা প্রেরণ করা হয়েছে। তাদের সন্ধান পেতে কাজ চলছে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ