আইফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
মেহেরপুরে অনলাইন জুয়া ও অবৈধ ই-ট্রানজেকশন চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে সুয়াইব আহম্মেদ সৌমিক (২৫) নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, এর আগে গ্রেপ্তার হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া সুয়াইব আহম্মেদ সৌমিক মেহেরপুর শহরের চাঁদবিল ঈদগাহপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল এলাকার কোলার মোড়ে অভিযান চালায়। এসময় ওই এলাকার ‘আসলাম অটোস’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সৌমিককে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চেয়্যারম্যান বায়েজিদ ডালিমসহ চারজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওই ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
ডিবি পুলিশ জানায়, ওই মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই রোববার বিকেলে চাঁদবিল এলাকায় অভিযান পরিচালনা করে সৌমিককে গ্রেপ্তার করা হয়েছে। অনলাইন জুয়া ও অবৈধ আর্থিক লেনদেনে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। আজ সোমবার (১৮ মে) তাঁকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর