নির্যাতনে আসামির মৃত্যুর গুজব, বরিশালে থানায় হামলা-ভাঙচুর
বরিশালের আগৈলঝাড়ায় মাদক ও চুরির মামলার এক আসামির গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর এবং পুলিশ সদস্যদের মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বরিশালের আগৈলঝাড়া থানায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার রাতে মাদক ও চুরি মামলার আসামি রিয়াজ ফকিরকে (২৪) উপজেলার ফুল্লশ্রী গ্রাম থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে আইনশৃঙ্খলা বাহিনী।
থানা হাজতে থাকা অবস্থায় পুলিশের নির্যাতনে রিয়াজ মারা গেছে বলে মিথ্যা খবর ছড়ালে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে আগৈলঝাড়া থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে তার স্বজনেরা।
হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওকে) মাসুদ খান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন।

আকতার ফারুক শাহিন, বরিশাল