বীর মুক্তিযোদ্ধা মঞ্জুল সদ্দারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাষ্ট্রীয় মর্যাদায় নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মঞ্জুল সদ্দারের দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঞ্জুল সদ্দার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কালিয়া, নড়াইল, খুলনা ও তেরখাদা এলাকার বিভিন্ন সম্মুখ সমরে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
বিকেলে উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির পক্ষে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিনাতুল ইসলাম তাকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন শেষে তাকে বিষ্ণুপুর কবরস্থানে দাফন করা হয়।

এম. মুনীর চৌধুরী, নড়াইল