ছাত্রদল নেতার বাড়িতে আগুন
ফেনী সদরে ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ফেনী আলিয়া মাদরাসা ছাত্রদলের সভাপতি সাইফুদ্দিন শিবলুর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসময় তার পরিবারের সদস্যদেরও মারধর করা হয়।
গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শর্শদীর উত্তর ফতেহপুর গ্রামে ঘটনাটি ঘটে। এতে ভস্মীভূত হয়ে যায় বসতঘর ও রান্নাঘর।
শিবলু ও তার পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে মাটি পরিবহণের গাড়ি আটকে চাঁদা দাবি করেন বেশ কয়েকজন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শুক্রবার দফায় দফায় হামলা চালানো হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, হামলার ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় অভিযুক্তরা পেট্রোল ঢেলে তাদের বসতভিটা ও রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়। এতে সপরিবারে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এই বিষয়ে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদুল রাজন, ফেনী জেলা (সদর-ছাগলনাইয়া)