রাজধানীতে ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত
ফাইল ছবি
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় সাজেদুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটে বনশ্রীর সিঙ্গার শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাজেদুল ইসলামের মৃত্যু হয়। নিহত সাজেদুল ইসলাম খিলগাঁও থানার ১৩/৬ ওমর আলী লেনের বাসিন্দা এবং আব্দুল হাকিমের ছেলে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ডিএসসিসির একটি ময়লার গাড়ির চাপায় এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক