রাজধানীতে নামাজ পড়তে গিয়ে শিশু নিখোঁজ
রাজধানীর দক্ষিণখান এলাকার সৈয়দনগরে মসজিদে নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয়েছে রিয়াদ নামে ১৩ বছর বয়সি এক শিশু। গত শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার বাবা মোহাম্মদ আনোয়ার হোসেন। নিখোঁজ রিয়াদ কুমিল্লার মুরাদনগর এলাকার ঈমাম বোখারি মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।
রিয়াদের বাবা আনোয়ার হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের বাসিন্দা সুলতান আহমদের ছেলে। তারা বর্তমানে রাজধানীর দক্ষিণখান এলাকার সৈয়দনগর এলাকার দিলরুবা ম্যানশনে বসবাস করছেন।
আনোয়ার হোসেন জানান, ২৮ মার্চ সন্ধ্যার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ফুটেজে সর্বশেষ রাত ৭টা ৫৩ মিনিটে তাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর থেকেই তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ রিয়াদের গায়ের রং ফর্সা এবং তার উচ্চতা আনুমানিক ৪ ফুট বা তার কিছু বেশি। এ ঘটনায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং সন্তানের সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক