অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে ৫০ হাজার জরিমানা
চাঁদপুর শহরের খলিসাডুলী এলাকায় অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, শহরের ওয়াপদা গেট খলিশাডুলি এলাকায় এলপিজি ট্রেডিং নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয় করা, গ্যাস বিক্রয়ের বৈধ লাইসেন্স না থাকা, বিক্রয় মেমোতে ঠিকানা উল্লেখ না থাকা, অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এই ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

শরীফুল ইসলাম, চাঁদপুর