জামালপুরে ভুট্টাখেত থেকে অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
জামালপুরের ইসলামপুরে একটি ভুট্টাখেত থেকে নিখোঁজ এক অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম শংকরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চালকের নাম জুয়েল শেখ (৩০)। তিনি পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার পূর্ব শ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৬ এপ্রিল) ভোরে জুয়েল শেখ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাত্রীসহ ইসলামপুর স্টেশনের দিকে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ মঙ্গলবার সকালে পশ্চিম শংকরপুর এলাকার একটি ভুট্টাখেতে স্থানীয়রা একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্ত করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে নির্জন স্থানে ফেলে রেখে গেছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর