রাজবাড়ীতে নবনিযুক্ত জেলা প্রশাসক আফরোজা পারভীনের যোগদান
বিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন রাজবাড়ীর নবনিযুক্ত জেলা প্রশাসক আফরোজা পারভীন।
মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
রাজবাড়ীর নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে এসে রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছান। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অভ্যর্থনা অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক ড. মো. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশিক উন নবী তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সার্কিট হাউসে পৌঁছে নবনিযুক্ত জেলা প্রশাসক কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
এর আগে গত ১ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আফরোজা পারভীনকে রাজবাড়ীর ২৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে বিদায়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আফরোজা পারভীন ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি কুমিল্লার মেঘনা উপজেলায় নির্বাহী কর্মকর্তা এবং বুড়িচং উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনসহ জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

মো. কবির হোসেন, রাজবাড়ী