কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে সড়কে, ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ছাদ থেকে পড়ে মকলেছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টা থেকে ৯টার মধ্যে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে গাছপালা উপড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়াসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
নিহত মকলেছুর রহমান সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়া গ্রামের সরদারপাড়ার বাসিন্দা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির তিনতলার ছাদে থাকা টিন নামাতে যান। এসময় বাতাসের তীব্রতায় ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝড়ের তীব্রতায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ ও বিজিবি ক্যাম্প এলাকায় বেশ কয়েকটি বড় গাছ উপড়ে পড়ে। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জামিনুর রহমান জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী এই কালবৈশাখীতে জেলায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০ কিলোমিটার।
এদিকে হঠাৎ এই ঝড়ে আম, লিচুসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।

আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)