নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গত সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউইয়র্কের আলবানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নিউইয়র্ক প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন।
নিহতরা হলেন– মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী গ্রামের হীরামন সরকার (৬০) এবং তার ছেলে নাজমুল রোবেল (৩০), ফাহিম আলিম (২৭)। নিহত ফাহিম হলো নাজমুলের বন্ধু। তারা নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন।
আহতরা হলেন– নিহত হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনি ইকরা (১)। তাদের নিউইয়র্কের আলবানি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম ঘটনার সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।
নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে চড়ে ঘুরতে বেরিয়েছিলেন সবাই। নিহত নাজমুল রুবেল গাড়িটি চালাচ্ছিলেন। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে হঠাৎ তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিউইয়র্ক কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী গ্রামে শোকাবহ অবস্থা বিরাজ করছে।
নিহত হিরামনের ছোট বোন রাজিয়া বেগম জানিয়েছেন, তাদের জানাজা নিউইয়র্কে আজ জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। পরে নিউজার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে তাদের মরদেহ দাফন করা হবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা