সংরক্ষিত নারী আসনের মনোনয়নে ত্যাগী নেত্রীরাই অগ্রাধিকার পাবেন : চিফ হুইপ
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে রাজপথে সক্রিয় এবং ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, যারা রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তাদেরই সংরক্ষিত আসনের জন্য বেছে নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি নারীরা নেতৃত্বে আসুক। যত দ্রুত তারা নেতৃত্বে আসবে, দেশের তত মঙ্গল। নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে আমরা ফ্যামিলি কার্ডসহ নানা যুগান্তকারী উদ্যোগ নিয়েছি।’
মনোনয়ন প্রক্রিয়ার বিষয়ে চিফ হুইপ উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সংবিধানের মানদণ্ড অনুযায়ী যোগ্য নারীদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন। তিনি সব দিক বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেবেন যাতে সমাজের সব স্তরের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।
চিফ হুইপ নূরুল ইসলাম দৃঢ়তার সঙ্গে বলেন, যারা প্রকৃত অর্থে রাজপথে ত্যাগ স্বীকার করেছেন এবং সংসদে গঠনমূলক অবদান রাখতে সক্ষম, তাদেরই খুঁজে বের করা হবে। এ বিষয়ে সংসদ নেতার সিদ্ধান্ত নির্ভুল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক