প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না : চিফ হুইপ
সন্ত্রাসবিরোধী আইন পাস সংক্রান্ত প্রশ্নের জবাবে সরকারের চিফ হুইপ নূরুল ইসলাম বলেছেন, আইন অনুযায়ী বাংলাদেশের সকল মানুষের বিচার হবে। যিনি দোষ করেছেন তার বিচার হবে, তবে কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার হবেন না। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ আরও বলেন, বিগত সরকার বা শেখ হাসিনা যা করে গেছেন, তার বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ীই সম্পন্ন হবে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে ‘সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬’ সংসদে পাস হয়। এই বিল পাসের ফলে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধই থাকছে। আজ জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলটি উপস্থাপন করলে কণ্ঠভোটের মাধ্যমে তা পাস হয়।
এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল। আজ সংসদীয় পাসের মাধ্যমে সেই আইনি প্রক্রিয়া আরও সুসংহত হলো।

শুভ্র সিনহা রায়