বিএনপি অফিসে হামলা করায় আওয়ামী লীগনেতার বাড়ি ভাঙচুর
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে নাশকতার মামলায় জামিনে এসে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। এ হামলায় অন্তত ৫-৬ জন বিএনপি সমর্থক আহত হয়েছেন। হামলার জেরে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর ও পাটের গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রুহুলের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অতর্কিতভাবে এই হামলা চালায়। ঘটনার সময় বিএনপি নেতাকর্মীরা নলকোলা গ্রামের দলীয় কার্যালয়ে বসে খাবার খাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে আওয়ামী লীগের সমর্থকরা মিছিল বের করলে ইবি থানায় একটি নাশকতা মামলা করা হয়। ওই মামলায় মো. রুহুলসহ বেশ কয়েকজন আসামি হন। মঙ্গলবার আদালত থেকে ওই মামলায় জামিন পেয়ে এলাকায় ফিরে মিষ্টিমুখ করার পর তারা এই হামলা ও ভাঙচুর চালান।
হামলার পর পরই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগনেতা রুহুলের বাড়িতে পাল্টা হামলা ও ভাঙচুর চালান এবং তার পাটের গোডাউনে অগ্নিসংযোগ করেন।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া