পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে : ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, এবারের পহেলা বৈশাখ অনুষ্ঠানে বিগত বছরগুলোর চেয়ে সাধারণ মানুষের উপস্থিতি অনেক বেশি হবে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের যে আস্থা তৈরি হয়েছে, তার প্রতিফলন ঘটবে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। এই বাড়তি জনসমাগমের কথা মাথায় রেখেই আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছি। গোয়েন্দা সংস্থাসহ সব নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আমরা এবার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আজ বুধবার (৮ এপ্রিল) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ ১৪৩৩ ও পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় অনুষ্ঠাতব্য বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভা ডিএমপি কমিশনার এইসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। প্রতি বছরের ন্যায় এবারের পহেলা বৈশাখে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠান পালন করা হবে। আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে একটি সুপরিকল্পিত ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়নে আমরা কাজ করছি, যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়। জনগণের জান-মালের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধিগণ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ওয়াসা, গণপূর্ত, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবির চারুকলা অনুষদ, টিএসসির সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাসাস, ছায়ানট, ঋষিজ শিল্পগোষ্ঠী, শাক্যমুনি বৌদ্ধ বিহার ও সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ও তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি)র ঢাকা ডিআইজি (ইন্টারনাল অ্যাফেয়ার্স) মীর আশরাফ আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক