প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
আজ বুধবার (৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে প্রণয় কুমার ভার্মার নেতৃত্বে ভারতীয় দূতাবাসের চার সদস্যের প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে উভয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ ও আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া তারা উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক সুদৃঢ় এবং ভবিষ্যৎ অগ্রগতির বিষয়েও আলোচনা করেন।
এরপর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ দুপুরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে প্রণয় কুমার ভার্মা সাংবাদিকদের বলেন, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে ভারতের কার্যক্রম সম্পর্কে বনমন্ত্রীকে অবহিত করা হয়েছে। এ খাতে ভারতের অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য রয়েছে। ইতোমধ্যে নবায়নযোগ্য ও অ-জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতিও অর্জন করেছে ভারত।
পরিবেশ ও বনমন্ত্রীর সঙ্গে আলোচ্য বিষয়ে তুলে ধরে ভারতীয় হাইকমিশনার আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা বাড়াতে কীভাবে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া কার্বন ট্রেডিং সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যা বাংলাদেশও চালু করতে যাচ্ছে। এসব বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ, জোটে কীভাবে একসঙ্গে কাজ করা যায়, সে বিষয়েও কথা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক