হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় আজ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের অস্ত্র আইনের মামলার রায় আজ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন রায় ঘোষণা করবেন।
এর আগে গত ৫ এপ্রিল মামলার যুক্তিতর্ক শুনানি হয়। এরপরে আদালত মামলার রায়ের দিন ধার্য করেন।
নথি থেকে জানা গেছে-২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র্যাব-২। সে সময় ‘পালানোর চেষ্টাকারী’ ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন র্যাবের হাবিলদার মশিউর রহমান।
মামলায় ফয়সাল করিম পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
এজাহারে বলা হয়েছে-ফয়সাল করিম এলাকার ‘চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কেনাবেচার’ হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, খুন-জখম এবং জমি দখলসহ সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি অপরাধ সংঘটনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রেখেছিলেন।
মামলার পরে ২০২৫ সালের ২৮ মার্চ আদাবর থানার এসআই জাহিদ হাসান সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গত বছরের ১৭ নভেম্বর পর্যন্ত ফয়সাল করিম অস্ত্র মামলায় জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর তিনি পালিয়ে যান। এর মধ্যে গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনি ঢাকায় বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। এ ঘটনায় আলোচনায় উঠে আসে ফয়সাল করিমের নাম। এর মধ্যে গত ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ফয়সাল করিমকে প্রধান আসামি করা হয়েছে।

আদালত প্রতিবেদক