আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
লালমনিরহাটে নাশকতা-হত্যার একাধিক মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লাগের সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে লালমনিরহাট ডিবি পুলিশের একটি বিশেষ টিম।
গ্রেপ্তার সফুরা বেগম রুমী লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, নাশকতা ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় হত্যা মামলা এবং লালমনিরহাট সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা উল্লেখযোগ্য। এছাড়াও ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি।
পুলিশের দেওয়া তথ্যমতে, ২০২৪ সালের আগস্টের পর থেকে তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)