সাবেক মন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
রাজধানীর যাত্রাবাড়ী থানার পারভেজ হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
গত ১৯ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন সাবেক রেলমন্ত্রী সুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক গ্রেপ্তার দেখানোর জন্য দিন নির্ধারণ করেন। এরপরে তাকে আদালতে আজ হাজির করা হয়।
গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানির সময় নূরুল ইসলাম সুজন আদালতকে বলেন, আমি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের রাজনীতি করেছি। আমি সেখান থেকে নির্বাচিত এমপি। আমার রাজনীতির ক্যারিয়ার ওখানেই। ওইখানে আমি ৪০ বছর ধরে অবস্থা করছি। সর্বশেষ আমি রেলমন্ত্রী হিসাবে ছিলাম। একটি মামলায় জামিন হলে আরেকটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো। কিসের ভিত্তিতে দেখানো হচ্ছে তা আপনার (বিচারক) বিবেচনা করা উচিত। তবে এ সময়ে আপনি (বিচারক) বিবেচনা করতে পারবেন কি না আমি জানি না। তবে এটা এখন মূল বিষয়। এ বিষয়ে উচ্চ আদালতেও অনেক সিদ্ধান্তও রয়েছে।
নূরুল ইসলাম সুজন আরও বলেন, কেউ দোষী হয়ে থাকলে অবশ্যই তার বিচার হবে। বর্তমান সরকার বড় বড় পদে থেকে মন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলছেন, কিন্তু তার বাস্তব প্রয়োগ তো নেই।
শুনানি শেষে আদালত নূরুল ইসলাম সুজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. পারভেজ মিয়া। ওইদিন বিকেল ৫টায় আসামিদের গুলিতে তিনি আহত হলে তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই বছরের ২৯ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়।
২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানী শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল থেকে নূরুল ইসলাম সুজনকে আটক করে পুলিশ।

আদালত প্রতিবেদক