মোটরসাইকেলসহ আন্তজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার
মুন্সীগঞ্জে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) পুলিশ সুপার মেনহাজুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার জানান, সিরাজদীখান উপজেলার নিমতলা রেলস্টেশন পার্কিং এলাকা থেকে গত ৩১ মার্চ সন্ধ্যায় নিরব মণ্ডল (২১) নামের এক যুবকের সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর জেলা ডিবি পুলিশ তদন্তে নামে। পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফিরোজ কবিরের তত্ত্বাবধানে ডিবি পুলিশের দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের শনাক্ত করে।
পুলিশ সুপার আরও জানান, ডিবি পুলিশ মঙ্গলবার পদ্মা সেতু উত্তর থানার মাওয়া পুরাতন ঘাট এলাকা থেকে এ গটনায় নাসির শেখকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া সুজুকি জিক্সার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীনগরের ছনবাড়ি এলাকা থেকে সাগর খানকে (৩০) গ্রেপ্তার করে একটি নম্বর বিহীন অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটি গত ১৬ মার্চ কেরানীগঞ্জ এলাকা থেকে চুরি হয়েছিল। একই সূত্রে টুটুল মৃধাকে (৪১) গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি লাল-কালো রঙের নম্বর বিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া এ মোটরসাইকেলটির প্রকৃত মালিকানা শনাক্তে কাজ চলছে।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করা ব্যক্তিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করে নম্বর প্লেট ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করে আসছিল। এ ছাড়া আসামি নাছির শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও মাদকের নয়টি মামলা রয়েছে।
গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ