জয়পুরহাটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১২ শিশু
জয়পুরহাটে হামের উপসর্গ নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জয়পুরহাট জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মোট ১২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ প্রথম এক শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত একই ধরনের লক্ষণ নিয়ে মোট ২৬ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এদের মধ্যে ১৪ জন শিশু ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও বাকি ১২ জনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে হাসপাতালের তৃতীয় তলায় হাম রোগীদের জন্য একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে যেখানে এই শিশুদের চিকিৎসা চলছে।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানিয়েছেন, চিকিৎসাধীন শিশুরা সবাই বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেনি।
ডা. রাশেদ মোবারক জুয়েল আরও জানান, এ পর্যন্ত ভর্তি হওয়া শিশুদের মধ্যে মাত্র দুইজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বাকিদের রক্তের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকা থেকে ল্যাব রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে, এই শিশুরা প্রকৃতপক্ষে হামে আক্রান্ত কি না। বর্তমানে জেলা স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট