ত্রিপুরা সম্প্রদায়ের বর্ণাঢ্য বৈসু শোভাযাত্রা অনুষ্ঠিত
পাহাড়ে বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘বৈসু’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে খাগড়াছড়ি টাউন হল মাঠে ত্রিপুরা কল্যাণ সংসদ, যুব পরিষদ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের যৌথ উদ্যোগে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বৈসু ও চৈত্র সংক্রান্তিকে স্বাগত জানিয়ে ত্রিপুরা সম্প্রদায়ের শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী ‘গরায়া’ নৃত্যসহ বিভিন্ন কৃষ্টি ও সংস্কৃতি প্রদর্শন করেন। এরপর টাউন হল মাঠ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের শাপলা চত্বর প্রদক্ষিণ করে সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এতে ত্রিপুরা সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কারে সজ্জিত হয়ে অংশ নেন। নেচে-গেয়ে রঙিন এই শোভাযাত্রাকে এক আনন্দঘন উৎসবে পরিণত করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি কমল বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার এবং জেলা পরিষদ সদস্য জয়া ত্রিপুরা।
অংশগ্রহণকারীরা জানান, নিজেদের কৃষ্টি ও ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। পুরো পাহাড় এখন বৈসু, সাংগ্রাই ও বিজু—এই তিন উৎসবের আমেজে মাতোয়ারা।

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি