মজুত করা ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
সারাদেশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুত করা চার লাখ ৬৯ হাজার ৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
মনির হোসেন চৌধুরী জানান, জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে এসব জ্বালানি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে মনির হোসেন জানান, উদ্ধার করা জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি। যার পরিমাণ তিন লাখ ৫২ হাজার ৪৭ লিটার। এছাড়া অভিযানে ৩৬ হাজার ৬২১ লিটার অকটেন এবং ৮০ হাজার ৩৭৪ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অবৈধ মজুত, পাচার ও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। গত ৭ এপ্রিল পর্যন্ত সাত হাজার ৩৪২টি অভিযান চালানো হয়েছে। অভিযানে তিন হাজার ১১টি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরিচালিত এসব অভিযানে জ্বালানি তেলের অবৈধ মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)