বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি বন্ধ থাকা নিয়ে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এর ফলে বিশ্ববাজারে টানা চার দিন তেলের দাম বাড়ল। খবর রয়টার্সের।
আজ বুধবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪২ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৯১.৪৪ ডলারে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫১ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়েছে। বর্তমানে তা বিক্রি হচ্ছে ৮৫.৪৫ ডলারে।
কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। কিন্তু গত সোমবার সেই চুক্তি শেষ হয়ে যায়। এরপর দুই দেশের মধ্যে শান্তি আলোচনা বন্ধ হয়ে গেছে। এতে তেলের বাজার আবার অস্থিতিশীল হয়ে ওঠে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে তাদের কোনো আলোচনা হচ্ছে না। হরমুজ প্রণালি চলাচলের জন্য খোলা রয়েছে। কিন্তু ইরান এই দাবি অস্বীকার করেছে। তারা জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথটি এখনো বন্ধ রয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ অনিশ্চিত হয়ে পড়েছে। হামলার ঝুঁকিতে অনেক জাহাজ এই পথ এড়িয়ে চলছে। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সংকট এড়াতে বিকল্প পথ খুঁজছে তেল উৎপাদনকারী দেশগুলো। ইরাক ইতোমধ্যে বিকল্প পথে তেল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে তাদের এই নতুন পরিকল্পনা কার্যকর হবে। তবে হরমুজ প্রণালির সমাধান না হলে তেলের বাজার আরও অস্থির হতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক