হামের উপসর্গ নিয়ে বরিশালে আরও ২ জনের মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বিভাগের ছয় জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ১২ শিশুর মৃত্যু হলো।
মারা যাওয়া পাঁচ মাস বয়সী ইমাম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পান্না খানের ছেলে ও নয় মাস বয়সী আবু সালেহ বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা আবু বক্করের ছেলে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক শাখা জানায়, সর্বশেষ মৃত দুই শিশু ইমাম গত ৬ এপ্রিল এবং নয় মাস বয়সী আবু সালেহ ৭ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে শেবাচিম হাসপাতালে মোট তিন শিশুর মৃত্যু ঘটেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুশিউল মুনির জানান, হাসপাতালে বর্তমানে ৯১ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩০ জন ভর্তি হয়েছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ২৭ রোগী সুস্থ হয়ে বাড়ি গেছে। এই পর্যন্ত এই হাসপাতালে মোট ৩১০ জন সন্দেহজনক হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগের ছয়টি জেলার বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক ৭৬ জন হাম রোগী ভর্তি হয়েছে এবং বিভিন্ন হাসপাতাল থেকে ৬২ জন ছাড়পত্র নিয়েছে।
পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে এক হাজার ৮০ জন রোগীর হামের উপসর্গ দেখা দিয়েছে। যার মধ্যে বিভিন্ন হাসপাতালে ৮২৭ রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়েছিল এবং এর মধ্যে ৫২ রোগীর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।

আকতার ফারুক শাহিন, বরিশাল