আরেক হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার
রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এদিন কারাগার থেকে আসামি মাহবুব আলীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. শাহজালাল মিয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
এজাহার থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছিল নবম শ্রেণির শিক্ষার্থী আদহাম বিন আমিন। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করলে তার দুই হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় একই বছরের ২২ অক্টোবর তার ভাই আকিবুন নূর বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

আদালত প্রতিবেদক