গভীর রাতে ডেকে নিয়ে নির্যাতন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
মেহেরপুরের মুজিবনগরে একটি আবাসিক মাদ্রাসায় শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আরবি শিক্ষক নুর উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা সাহিদুর রহমান তার ১১ বছর বয়সী ছেলে জুবায়েরকে মুজিবনগর বাজার আইডিয়াল মাদ্রাসা ও দাখিল হিফজখানার বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাচ্ছিলেন। গত ৯ আগস্ট সন্ধ্যায় এক সহপাঠীর অভিভাবকের মাধ্যমে তিনি জানতে পারেন, মাদ্রাসার আরবি শিক্ষক নুর উদ্দিন তার ছেলেকে বিভিন্ন সময় গভীর রাতে কক্ষে ডেকে নিয়ে একাধিকবার নির্যাতন করেছেন।
খবর পেয়ে দ্রুত মাদ্রাসায় ছুটে আসেন শিশুটির বাবা। সেখানে গিয়ে তিনি স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা লক্ষ্য করেন। পরে ছেলের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হন তিনি। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, শুধু জুবায়ের নয়—এ ধরনের নির্যাতনের শিকার আরও কয়েকজন শিক্ষার্থী থাকতে পারে। তবে ভয়ের কারণে অনেকেই এখনও প্রকাশ্যে আসতে সাহস পাচ্ছে না।
ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রমাণ সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে চরম শঙ্কা দেখা দিয়েছে। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর