সন্তানকে নির্যাতনের অভিযোগে মা কারাগারে
আড়াই বছরের শিশু সন্তানকে নির্যাতনের অভিযোগে সুমি আক্তার নামে এক নারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৭ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহাদাত হোসেন ভূঁইয়া এ আদেশ দেন। এদিন বিচারক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শিশুটিকে অস্থায়ীভাবে দাদা-দাদির জিম্মায় দেওয়ার আদেশ দিয়েছেন।
মামলার নথি থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে আড়াই বছরের শিশু মেহেরিমা খান তাইয়েবার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার মা। শিশুটির শরীরে বিভিন্ন সময় আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় লন্ডনপ্রবাসী বাবার। পরে ঘরে গোপনে ক্যামেরা স্থাপন করা হয়। কয়েক মাসের ফুটেজ পর্যবেক্ষণের পর শিশুটির দাদা ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সুমি আক্তারের বিরুদ্ধে মামলা করেন।
মামলাটি গ্রহণ করে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর পুলিশ গত মে মাসে সুমি আক্তারকে গ্রেপ্তার করে। এরপর থেকে শিশুটি মায়ের সঙ্গে কারাগারে ছিল।
শিশুটির দাদি অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধ ও পরকীয়ার বিষয় প্রকাশ পাওয়ার পর থেকেই শিশুটির ওপর নির্যাতন বাড়ে। এমনকি শিশুটিকে হত্যা করা হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
আজ দুপুরে মা ও শিশুকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে শুনানির জন্য মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ পাঠানো হয়। আদালতে উপস্থাপিত ভিডিও দেখে বিচারক অভিযুক্ত মা সুমিকে মানসিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আদালত প্রতিবেদক