উপরে হাত তুলবো না নিচে নামাবো বুঝতে পারি নাই : সংসদে বিরোধী দলনেতা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের কর্যক্রম চলাকালে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিভিন্ন বিল পাস প্রসঙ্গে বলেছেন, ‘এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি নাই।’
আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপত্বিতে চলা অধিবেশনে জামায়াত আমির এ কথা বলেন।
বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কার্যউপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে অনুরোধ করেছিলাম দুইটি জিনিস। একটা হলো ১৩৩টি অধ্যাদেশের সবগুলো এখানে আসবে। দুই নম্বর হলো তিনদিন আগে আমাদের ডুকমেন্টসগুলো দেওয়ার কথা। সমস্যার বাস্তবতায় সবগুলো ছাড় দিয়ে অন্তত একদিন আগে দেওয়ার কথা বলা হয়েছিল।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি তো অর্থনীতির ছাত্র না, এখানে এতোগুলো ডকুমেন্টস টেবিলে আসার পর দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি নাই।’
জামায়াত আমীর বলেন, ‘এখন যদি সংসদ সদস্য হিসেবে কিছু না বুঝে হ্যাঁ বলি এটা হবে অপরাধ, যদি না বুঝে না বলি এটাও হবে অপরাধ। এজন্য আমরা চুপ থেকেছি। আমাদের অবস্থান এখন তাই।’
সরকারি দলের সদস্যদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি জানি না সরকারি দলের সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন, তারা হয়তো সবাই অর্থনীতির ছাত্র এবং খুবই স্মার্ট, খুবই টেলেন্টেট স্টুডেন্ট ছিলেন। যার কারণে কাগজ দেখা মাত্রই ভিতরে কি আছে তারা হয়তো বুঝে ফেলেছেন । আমরা বুঝতে পারি নাই এটা আমাদের অক্ষমতা। মাননীয় স্পিকার, এখন আমরা কি করবো আমাদেরকে একটু পরামর্শ দেন।’

নিজস্ব প্রতিবেদক