৩৭ হাজার লিটার সয়াবিন তেল মজুত, সাবেক সেনা সদস্যকে জরিমানা
মাদারীপুরের ডাসার উপজেলায় অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির অপরাধে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৮। গতকাল রোববার (১৯ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ধুয়াশার বাজারের ‘সরদার ট্রেডার্স’র মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাচ্চু সরদার অধিক মুনাফার আশায় তার বসত ভবনের নিচতলায় বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এবং র্যাব-৮ এর সহকারী কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) তারিখ হাসানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
তল্লাশি চালিয়ে ভবনটি থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অবৈধ মজুতের অপরাধে ব্যবসায়ী বাচ্চু সরদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ তেল আজ সোমবারের (২০ এপ্রিল) মধ্যে খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, ভোজ্যতেলের বাজার অস্থির করতে এবং অধিক লাভের আশায় এসব তেল মজুত করা হয়েছিল। জরিমানার পাশাপাশি মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর