মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
ঝালকাঠির নলছিটিতে ইকবাল হোসেন (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামের আজহার আলী হাওলাদারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। রোববার রাতে স্থানীয় এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। ইকবালের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আলী আশরাফ জানান, খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কে এম সবুজ, ঝালকাঠি