জ্বালানি তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা
জ্বালানি তেলে পরিমাপে কম দেওয়ার অভিযোগে মানিকগঞ্জে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার তাঁতি কালিয়ানি এলাকায় অবস্থিত মেসার্স গুডলাক সিএনজি করপোরেশনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযান চলাকালে প্রতি পাঁচ লিটার পেট্রলে প্রায় ২১০ মিলিলিটার কম সরবরাহের প্রমাণ পাওয়া যায়, যা ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণার শামিল।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফিলিং স্টেশনটির মালিক সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বরদাস্ত করা হবে না। জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সহকারী পরিচালক আরও বলেন, যেসব প্রতিষ্ঠান অসাধু উপায়ে ভোক্তাদের ঠকানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ