ইরানের তেল কেনায় মার্কিন নিষেধাজ্ঞা রুখতে চীনের পাল্টা পদক্ষেপ
ইরানের সঙ্গে তেল বাণিজ্যের অভিযোগে পাঁচটি চীনা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের এই ‘দূরবর্তী এখতিয়ার’ বা একতরফা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তা রুখতে পাল্টা আদেশ জারি করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞার শিকার হওয়া পাঁচটি চীনা প্রতিষ্ঠান হলো : হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারি, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংজিং কেমিক্যাল।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে, তারা মার্কিন এই নিষেধাজ্ঞাকে কার্যকর হতে দেবে না। বেইজিং বরাবরই নিজস্ব আইন লঙ্ঘন না করে অন্য দেশের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা খবরদারি বা নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে। তবে চীনের এই নতুন আদেশটি ঠিক কীভাবে এবং কোন প্রক্রিয়ায় কার্যকর করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, চীন ইরানের তেল বাণিজ্যের প্রধান ক্রেতা ও এর মাধ্যমেই তেহরানের অর্থনীতি সচল রয়েছে। এর আগেও বেশ কিছু চীনা সংস্থার ওপর এ কারণে নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক