যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় : কী বলছে রাশিয়া ও ইউরোপ?
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাটদের জয়ের পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও কর্মকর্তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইউক্রেনকে সহায়তা, জলবায়ু পরিবর্তন ও পররাষ্ট্রনীতির প্রশ্নে ইউরোপীয় দেশগুলো সতর্ক আশা প্রকাশ করেছে। তবে এ ফলাফলে যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন আশা করছে না রাশিয়া। নির্বাচনের এই ফলাফলের প্রেক্ষাপটে সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিদের দেওয়া প্রতিক্রিয়াগুলো নিচে তুলে ধরা হলো—
নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোর বলেছেন, মার্কিন রাজনীতিতে এখন এমন কিছু কণ্ঠস্বর উঠে আসছে, যা জলবায়ু ও পরিবেশ, পররাষ্ট্রনীতি এবং উন্নয়ন সহায়তা নীতির মতো বিষয়গুলোতে বর্তমান প্রেসিডেন্ট ও প্রশাসনের অবস্থানের তুলনায় আমাদের (ইউরোপের) দৃষ্টিভঙ্গির অনেক কাছাকাছি।
ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টেল শালডেমোস বলেছেন, ইউরোপের পক্ষ থেকে আমি সতর্ক আশাবাদী। এর মানে এই নয়, সবকিছু রাতারাতি ভালো হয়ে যাবে। তবে এটি (মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল) ইউক্রেনকে সহায়তা প্রদান, সবুজ রূপান্তর (পরিবেশবান্ধব পরিবর্তন) এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, আসুন চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করি। রাশিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বের দৃষ্টিভঙ্গি অত্যন্ত নেতিবাচক। এতে নতুন কিছু নেই।
চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস বলেছেন, আশা করা যায়, শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধ বন্ধ করার এবং হরমুজ প্রণালি ঘিরে সংঘাত নিরসনের প্রতিশ্রুতি পূরণের পথে ফিরে আসবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভাজন ও মেরুকরণের মাত্রা বিবেচনায় নিলে, আগামী বছরগুলোতে দেশটিতে শাসনকার্য পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।

এনটিভি অনলাইন ডেস্ক