দেবীগঞ্জ প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন বিকেএমইএ সভাপতির
পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের আমন্ত্রণে বিকেএমইএ সভাপতি সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করেন।
এ সময় ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকজন উদ্যোক্তাও উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে মোহাম্মদ হাতেম বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগটি সময়োপযোগী। এটি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি উত্তরাঞ্চলের শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আঞ্চলিক সমতা ভিত্তিক উন্নয়নের অংশ হিসেবে সরকার উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেবীগঞ্জে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান বাড়বে এবং জীবনমানের উন্নয়ন ঘটবে।
জানা গেছে, ২০২০ সালের ২৪ আগস্ট পঞ্চগড়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির (বেজা) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রায় ২৫০ দশমিক ৮৫ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১৮৫ দশমিক ৮৬ একর জমি ইতোমধ্যে বেজার অনুকূলে বন্দোবস্ত দেওয়া হয়েছে এবং অবশিষ্ট জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমন কুমার দাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিকসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)