পুলিশের ভয়ে ইয়াবা ট্যাবলেট গিলে অচেতন মাদককারবারী
পুলিশের ভয়ে ইয়াবা ট্যাবলেট গিলে ফেলে সানোয়ার হোসেন (৩৫) নামে এক মাদককারবারী অচেতন হয়ে পড়েছেন। এরপর তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দিনগত গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায় এই ঘটনা ঘটে।
মাদককারবারী সানোয়ার হোসেন মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকার ভাড়া বাসায় বসবাস করে মাদকের ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদকের মামলাও রয়েছে।
গৌরনদী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সরবত আলী জানিয়েছেন, নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানকালে সন্দেহভাজন হিসেবে সানোয়ার হোসেন নামের ওই যুবককে দাঁড়াতে বলা হয়। এ সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। একপর্যায়ে সে কৌশলে প্রায় ১০-১২ পিস ইয়াবা ট্যাবলেট চিবিয়ে গিলে ফেলে। এরপর অজ্ঞান হয়ে পড়েন। তার দেহ তল্লাশি করে আরও কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানিয়েছেন, পুলিশ পাহারায় অচেতন ইয়াবাকারবারীর চিকিৎসা চলছে। সুস্থ হলে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে আদালতে পাঠানো হবে।

আকতার ফারুক শাহিন, বরিশাল