বিএনপিকর্মী মকবুল হত্যা : সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ফের রিমান্ডে
বিএনপিকর্মী মকবুল হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও অবসরপ্রাপ্ত কর্নেল মো. আফজাল নাছের ভূঁইয়াকে ফের তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের এসআই মো. তোফাজ্জল হোসেন আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে হামলা ও পুলিশের গুলিতে মকবুল হোসেন নিহত হওয়ার ঘটনায় আফজাল নাছের নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং নির্দেশদাতাদের শনাক্ত করতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
গত ২৯ মার্চ মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ছয়দিন এবং মকবুল হত্যা মামলায় দুই দফায় তাকে ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে নয়াপল্টনের ওই ঘটনায় শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়, যেখানে আফজাল নাছের ১৪৭ নম্বর এজাহারনামীয় আসামি।

আদালত প্রতিবেদক